বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে কালো তালিকাভুক্ত করার জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে অভূতপূর্ব কূটনৈতিক পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। লাতিন আমেরিকার এই দেশটির নৌবাহিনী এবং বিমানবাহিনীকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সরকারি সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে বুয়েস এইরেস। পারস্পরিক প্রতিশোধের নীতি এবং ২০১৯ সালে পাসকৃত একটি বিশেষ ইরানি আইনের ভিত্তিতে আর্জেন্টিনার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন সিদ্ধান্ত অনুসরণ করে যেসব দেশ আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে তেহরানের।

এর আগে মার্চ মাসের শেষ দিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। বুয়েনস এইরেসের সে সময়কার দাবি ছিল, ১৯৯৪ সালে আর্জেন্টিনার একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় পঁচাশি জন নিহতের ঘটনায় আইআরজিসির মদদপুষ্ট গোষ্ঠীর হাত ছিল। তৎকালীন সময়ে আর্জেন্টিনার এই পদক্ষেপকে দ্রুত স্বাগত জানিয়েছিল ইসরায়েল।

সে সময়ই আর্জেন্টিনার এই সিদ্ধান্তকে ওয়াশিংটন ও তেল আবিবের প্ররোচনায় পড়ে করা একটি কৌশলগত ভুল বলে তীব্র নিন্দা জানিয়েছিল তেহরান। এখন চূড়ান্ত পাল্টা ব্যবস্থা গ্রহণ করায় দুই দেশের মধ্যকার এই কূটনৈতিক সংঘাত নজিরবিহীন উচ্চতায় পৌঁছাল। এই চরম সিদ্ধান্ত এবং এর ফলে উদ্ভূত যাবতীয় পরিণতির সম্পূর্ণ দায়ভার কেবল আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে বলে সতর্ক করেছে ইরান।

খুঁজুন