শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শনিবার নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করেন দেশের শীর্ষ এই দুই নেতা। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগ জরুরি বলে বাণীতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং অঙ্গচ্ছেদের মতো গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। নগরায়ণের প্রভাবে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি কায়িক পরিশ্রমের অভাবেই দেশে এই রোগের প্রকোপ বাড়ছে। তবে সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুস্থভাবে জীবনযাপন করতে এই রোগের ঝুঁকি সম্পর্কে জেনে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে উল্লেখ করেন যে, বাংলাদেশেও ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যা একটি উদ্বেগের বিষয়। প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে তোলে। সঠিক চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন বলে তিনি জানান।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি, দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতেও এই রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ওপর বাণীতে বিশেষ জোর দেওয়া হয়েছে।

খুঁজুন