শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল

শুরুতেই ফ্রি-কিকে ফেদেরিকো ভালভের্দের চোখধাঁধানো গোল। ওই ধাক্কা সামলে অনেকগুলো সুযোগ তৈরি করল আতলেতিকো মাদ্রিদ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। আরেকটি গোল হজমের পর সেই দেয়ালে চিড় ধরাতে পারলেও নাটকীয় কিছু অবশ্য করতে পারল না দিয়েগো সিমেওনের দল। দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।

সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগো রিয়ালের দ্বিতীয় গোল করার পর ব্যবধান কমান আলেকসান্দার সরলথ। একই মাঠে আগামী রবিবারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।

চোটাক্রান্ত কিলিয়ান এমবাপেকে ছাড়াই নতুন বছরের প্রথম দুই ম্যাচে জিতল রিয়াল। গত সেপ্টেম্বরে লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে হারের ক্ষতেও কিছুটা প্রলেপ দিতে পারল তারা।

আগের দিন আরেক সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। গত বছর রেয়ালকে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল কাতালান দলটি।

খুঁজুন