শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার বন্ধ

বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার বন্ধ

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) ক্রুড তেলের তীব্র সংকটের কারণে সম্পূর্ণরূপে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত রোববার (১৩ এপ্রিল) বিকেলে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম চালানো হয়। প্রতিষ্ঠার ৫৭ বছরের ইতিহাসে অপরিশোধিত তেলের অভাবে ইআরএল-এর এটিই প্রথম অনির্ধারিত বন্ধের ঘটনা।

ইআরএল সূত্র থেকে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং ট্যাংকের তলানিতে জমা ডেডস্টক তুলেও উৎপাদন সচল রাখার চেষ্টা করা হয়েছিল। তবে ডেডস্টকে ময়লা-বর্জ্য জমে যাওয়ায় যন্ত্রপাতি ক্ষতির আশঙ্কায় কর্তৃপক্ষ আর ঝুঁকি নিতে রাজি হয়নি। সাধারণত দৈনিক ৪ হাজার ৫০০ টন ক্রুড পরিশোধন করা হলেও, সংকটের কারণে গত মাস থেকে তা ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। গত ৪ মার্চের পর ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেলের আমদানি বন্ধ রয়েছে। ইআরএল মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অ্যারাবিয়ান লাইট ও মারবান ক্রুড প্রক্রিয়াজাত করে। সর্বশেষ ক্রুড তেলের চালান এসেছিল গত ১৮ ফেব্রুয়ারি।

তবে জ্বালানি বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বছরে প্রায় ৪৫ লাখ টন পরিশোধিত তেল ভারত ও চীন থেকে আমদানি করা হয়, যা দেশের বর্তমান সরবরাহ ব্যবস্থায় কোনো তাৎক্ষণিক প্রভাব ফেলবে না।
ইআরএল কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে নতুন ক্রুড তেলের চালান আসার পর উৎপাদন কার্যক্রম আবার শুরু হতে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিকল্প উৎস থেকে ক্রুড আনার চেষ্টা চালাচ্ছে।

ইআরএল বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড তেল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেলসহ ১৬ ধরনের জ্বালানি উৎপাদন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ করে।

বিপিসি ও ইআরএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, ডেডস্টক ব্যবহার করা অনিরাপদ ছিল বলেই শোধনাগার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুঁজুন