রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন টনি ব্লেয়ার

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন টনি ব্লেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বাংলাদেশের আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

লন্ডনে অবস্থানরত বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে রোববার (০৭ মে) সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।

তিনি উল্লেখ করেন, টনি ব্লেয়ার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল)- এর সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

টনি ব্লেয়ার আরও বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জ নামের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ সফর করবে এবং বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যেসব খাতগুলোর জন্য সহায়তা প্রয়োজন তা নিয়ে বিডা কর্মকর্তাদের সাথে আলোচনা করবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা।

খুঁজুন