রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জে রাত জেগে মন্দির-গীর্জা পাহারা দিচ্ছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা

বকশীগঞ্জে রাত জেগে মন্দির-গীর্জা পাহারা দিচ্ছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা

জামালপুর প্রতিনিধি: 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর সারা দেশে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা ও নৈরাজ্য। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতিসহ অনাকঙ্খিত ঘটনা ঘটতে থাকে। এতে করে ক্ষতিগ্রস্থ হয় অনেক মানুষ। নৈরাজ্য ঠেকাতে সরকারি স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


জানা যায়,১৫ আগস্ট ঘিরে একটি সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘুদের উপাসানালয় ও বাড়িঘরে হামলা-লুটপাট করে অরাজক পরিবেশ সৃষ্টি করতে পারে এমন খবরে দলের নেতাকর্মীরা সজাগ হয়ে উঠেন। তাই চলমান সংকটে নাশকতা ঠেকাতে বুধবার ও বৃহস্পতিবার রাতভর মন্দির,গীর্জা,সরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের বাড়ির সামনে পাহারায় বসেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। বকশীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ও সদস্য সচিব তানজির আহমেদ সুজনের নেতৃত্বে লাউচাপড়া খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের উপাসানালয় সাধু আন্দ্রে ধর্মপল্লী,উপজেলার প্রতিটি ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ,মন্দির,বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে চলমান সংকটে নাশকতা ঠেকাতে এ কার্যক্রম পরিচালনা করছেন বকশীগঞ্জ পৌর যুবদল। বিএনপি নেতা মমতাজুর রহমান,যুবদল নেতা তৌহিদুজ্জামান,আশরাফ হোসেন মানিক,কালাম মিয়া,রাজিব মিয়া,মাহবুব আলম,আরাফাত রহমান রিপনসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুরো উপজেলায় টহল দেন যুবদল নেতা শাকিল তালুকদার। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। 


পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে একটি মহল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের কাছে সব ধর্ম-বর্ণের মানুষ সমান। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত নির্দেশ দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয় রক্ষাসহ অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যে দলেরই হোক তাদের প্রতিরোধ করতে হবে। তাই রাত জেগে নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করতে চায় তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনকে সহযোগীতার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান থাকবে। 


যুবদল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সভাপতি ডা.সিদ্ধেস্বর সাহা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকলেও একটু হলেও মনে ভীতি ছিল। কারন সাম্প্রদায়িক অপশক্তি নানাভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করা হয়, এতে ক্ষতিগ্রস্থ হয় সংখ্যালঘুরা। যুবদলের নেতাকর্মীরা মন্দির-গীর্জা পাহারা দিচ্ছেন দেখে মনে হয়েছে এটাই বুঝি অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোন অপশক্তি আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে। 


এ ব্যাপারে বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম বলেন,সনাতন ধর্মাবলম্বীদের উপাসানালয় পাহারা দেয়ার জন্য গ্রাম পুলিশদের দায়িত্ব দেয়া হয়েছে। এখন তাদের সাথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা যোগ হয়েছেন। এতে করে নিরাপত্তা বেষ্টনীটা অনেক মজবুত হয়েছে। দেশের সংকটময় মুহুর্তে মানুষের পাশে দাড়ানো সত্যিই প্রশংসনীয় কাজ। ধন্যবাদ জানাই তাদের যারা রাত জেগে পাহারা দিচ্ছেন।

খুঁজুন