শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, নির্ধারিত ন্যূনতম ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের এই পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনটিতে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি। সেই হিসাবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ২৮ হাজার ৯১৪ ভোট। কিন্তু সংশ্লিষ্ট পাঁচ প্রার্থীর কেউই ওই সীমা অতিক্রম করতে পারেননি।

ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. জসিম পেয়েছেন ২ হাজার ২৭৭ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খান পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট। গণঅধিকার পরিষদ এর প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী পেয়েছেন ১০৭ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী রাফি উদ্দিন পেয়েছেন ৭৭৩ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি এর প্রার্থী শাহীন খান পেয়েছেন ১০৯ ভোট। প্রাপ্ত ভোটের হার অত্যন্ত কম হওয়ায় তাঁদের সবার জামানত বিধি মোতাবেক বাজেয়াপ্ত হয়েছে।

কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এতে ১৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। এ আসনে মোট ভোটার হল ৪ লক্ষ ৩৪ হাজার ৬০৯জন। তারমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২২ হাজার ১৭৬জন, মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ১২ হাজার ৪২৭জন, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ০৬জন। মোট কেন্দ্র সংখ্যা হল ১৩০টি ও মোট ভোট কক্ষ ৮৬৭টি। এদিকে কসবা-আখাউড়ায় পোস্টাল ভোটার সংখ্যা হল ৯ হাজার ৩০১জন।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী মুশফিকুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি ৪৮ হাজার ৪৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী আতাউর রহমান সরকার। নির্বাচনে প্রধান এ দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট সংগ্রহ করতে পারেননি।

বাংলাদেশ নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী প্রাপ্ত মোট বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

খুঁজুন