সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ব্রিটেনের সিংহাসনে রাজা চার্লস

ব্রিটেনের সিংহাসনে রাজা চার্লস

যুক্তরাজ্যের রাজা হিসেবে শনিবার (৬ মে) আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাকে রাজ মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়। দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজা চার্লসের রাজ্যাভিষেক হয়। একই অনুষ্ঠানে তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও রানি হিসেবে অভিষেক হয়। এর মধ্য দিয়ে রাজপরিবারে নতুন যুগের সূচনা হলো।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় সেইন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ঈশ্বর রাজাকে রক্ষা করুন। জীবনে একবারই ঘণ্টাখানেকের জন্য এই মুকুট পরার সুযোগ পাবেন রাজা।

মুকুট পরিয়ে দেওয়ার পর শুরু হয় সিংহাসনে আরোহণের পর্ব। ক্যান্টারবুরি ও ইয়র্কের আর্চবিশপ এবং তাদের সহকারীরা রাজাকে সিংহাসনের দিকে নিয়ে যান। এরপর সিংহাসনে বসেন রাজা চার্লস। এটি হচ্ছে রাজ্যাভিষেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

সর্বশেষ ১৯৫৩ সালে নিজের রাজ্যাভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুট পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর পর তার ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে এই মুকুট পরলেন।

এর আগে যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নেন চার্লস। ক্যান্টারবুরির আর্চবিশপ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তার শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন। রাজা চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। এ সময় তিনি আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সংগীত পরিবেশন করা হয় ওয়েলস, স্কটিশ ও আইরিশ ভাষায়।

এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে আসেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছান তারা। লন্ডন সময় বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান, ধর্মীয় নেতা এবং কমনওয়েলথের নেতারা অনুষ্ঠানস্থলে এসে আসন গ্রহণ করেন।

লন্ডনে শনিবার সকালে বৃষ্টি ছিল। এতে রাজার অভিষেক অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহে কোনো ঘাটতি পড়েনি। রাজা চার্লস এবং রানি ক্যামিলাকে নিয়ে শোভাযাত্রা যখন বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে যাচ্ছিল, তখন হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের এক নজর দেখার জন্য।

এদিকে রাজতন্ত্রবিরোধী একটি গোষ্ঠী, রিপাবলিক আজ লন্ডনে বিক্ষোভ করেছে। পুলিশ ট্রাফালগার স্কোয়ারের কাছে এই গ্রুপের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করে। ওয়েস্টমিনস্টার অ্যাবির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাজা চার্লস আরেকটি শোভাযাত্রা সহযোগে বাকিংহাম প্রাসাদে যান।

অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলে। প্রিন্স হ্যারি, ডিউক অব সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছান। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজা হন গত সেপ্টেম্বরে। তার মা রানি এলিজাবেথের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন চার্লস।

অভিষেক অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। অতিথি তালিকায় মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও উপস্থাপক জুটি অ্যান্ট এবং ডেক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পত্নী ওলেনা জেলেনস্কি শুক্রবার বাকিংহাম প্যালেসে অভিষেক পূর্ব অনুষ্ঠানে প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের সঙ্গে দেখা করেন। এ সময় চার্লসকে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গে খোশগল্প করতে দেখা যায়। একই সঙ্গে তিনি ক্রাউন প্রিন্সেস অব ডেনমার্ক ম্যারির সঙ্গে হাত মেলান।

রাজাকে মুকুট পরানোর পর ক্যামিলাকেও মুকুট পরানো হয়। এই জুটির দীর্ঘ ও কিছুটা জটিল সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি এখন কুইন ক্যামিলা হিসেবে সম্বোধন পাবেন। আনুষ্ঠানিকতা শেষ হয় ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায়, এরপর রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণখচিত ঘোড়ার গাড়ি করে বাকিংহাম প্যালেসে যান।

 

খুঁজুন