শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর চলন্ত ট্রেনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী

চলন্ত ট্রেনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের হোস পাইপ খুলে যাওয়ার ঘটনায় অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আড়িখোলা রেলস্টেশনের পাশে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর গোধূলী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ভৈরব রুটের ট্রেন চলাচল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি আড়িখোলা স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর ধীরগতিতে আসে এবং টেকপাড়া এলাকায় গিয়ে হঠাৎ থেমে যায়। পরে চালক ও ট্রেন পরিচালকসহ যাত্রীরা নেমে দেখেন, ট্রেনের ‘ক’ বগির হোস পাইপ খুলে গেছে। এই পাইপ দিয়ে কমপ্রেসড এয়ার প্রবাহিত হয়, যা ব্রেকিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইপ খুলে যাওয়ায় ট্রেনের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে এবং ট্রেন নিজে থেকেই থেমে যায়।

রাত সাড়ে আটটা থেকে প্রায় আড়াই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি নিরসনে কাজ শুরু করে। পরবর্তীতে ট্রেনটি পেছনে চালিয়ে আড়িখোলা স্টেশনে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগিটি বিচ্ছিন্ন করার পর রাত সাড়ে ১০টার দিকে বাকি বগি নিয়ে ট্রেনটি পুনরায় কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. নাজিমুদ্দিন বলেন, হোস পাইপ খুলে যাওয়ার কারণেই ট্রেনটি নিজে থেকেই থেমে যায়। রেলওয়ের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যাত্রীদের কেউ আহত হননি।

ঘটনার সময় ভৈরবগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-যান্ত্রিক ত্রুটির কারণেই পাইপটি খুলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুঁজুন