শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা চুক্তি নবায়ন না হলে অবসর নিতে পারেন বুসকেতস

চুক্তি নবায়ন না হলে অবসর নিতে পারেন বুসকেতস

দেড় যুগেরও বেশি সময় ধরে পেশাদার ফুটবলে পথচলা। ক্লাব ও দেশের হয়ে জিতেছেন প্রায় সবকিছু। এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতায় সের্হিও বুসকেতস। ৩৭ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডারের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পথে। নতুন চুক্তি না হলে হয়তো পেশাদার ফুটবলকেই বিদায় জানাবেন তিনি।

লিগস কাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের আগে এএস ইউএসএ ল্যাটিনোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলাখুলি কথা বলেন বুসকেতস।

তিনি বলেন, ‘বার্সেলোনা ছাড়ার সময়ই সিদ্ধান্ত ছিল, আর কখনও ইউরোপে বা স্পেনে ফিরব না। এখন আমার ক্যারিয়ার শেষের পথে। হয়তো মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন হবে, নাহয় আমি অবসর নেব। সময় হলে সিদ্ধান্ত জানাব।’

২০০৭-০৮ মৌসুমে বার্সেলোনার ‘বি’ দল থেকে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন বুসকেতস। পরের মৌসুমেই জায়গা করে নেন কাতালান ক্লাবটির মূল দলে এবং ধীরে ধীরে হয়ে ওঠেন দলটির মাঝমাঠের অপরিহার্য অংশ। স্পেনের জার্সিতেও সফলতা কুড়িয়েছেন—জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জেতার পর ২০২৩ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তিতে যোগ দেন সাবেক এই বার্সা অধিনায়ক। চলতি বছরের শেষেই সেই চুক্তির মেয়াদ শেষ হবে।

তবে এখনও ফুটবলের প্রতি বুসকেতসের টান কমেনি। শারীরিকভাবেও নিজেকে ভালো অবস্থায় মনে করছেন তিনি, ‘শরীর নিয়ে আমি সন্তুষ্ট। সৌভাগ্যবশত, কোনো ইনজুরি নেই, কোচরাও আমার ওপর আস্থা রাখছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভাবতে হবে।’

দলের হয়ে মাঠে এখনও নিয়মিত অবদান রাখছেন, কিন্তু আগামী পথ ঠিক কোন দিকে—তা এখনো স্পষ্ট নয়। সবকিছু মিলিয়ে, হয়তো খুব শিগগিরই ফুটবল বিশ্বের আরেক কিংবদন্তির বিদায়ের ঘণ্টা বেজে উঠতে চলেছে।

খুঁজুন