রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক চুপিসারে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রস্তুতি ট্রাম্পের

চুপিসারে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রস্তুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফরের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা।

সম্মেলনটি অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গিয়ংজু শহরে হওয়ার কথা। এটি ট্রাম্পের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-সি দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও এখনো তারিখ নির্ধারিত হয়নি।

সফরের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি এবং ট্রাম্প অন্য কোথাও যাত্রাবিরতি করবেন কি না, সেটি স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, ট্রাম্প প্রশাসন এ সফরকে যুক্তরাষ্ট্রে আরো অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবেও দেখছে। সাম্প্রতিক বিদেশ সফরগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এটিই ছিল ট্রাম্পের প্রধান লক্ষ্য।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়া সফর নিয়ে আলোচনা চলছে। সেখানে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, অন্য আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতা।

ট্রাম্পের এ সফর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গেও বৈঠকের সুযোগ তৈরি করতে পারে। তবে কিম সম্মেলনে যোগ দেবেন কি না, তা এখনো অনিশ্চিত। কর্মকর্তারা জানান, আপাতত শির সঙ্গে বৈঠকের প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই সঙ্গে বলেন, এ পরিবেশ ট্রাম্প ও কিমের বৈঠকেরও সুযোগ করে দিতে পারে। এ-বিষয়ক আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

খুঁজুন