শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় দেড় যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

দেড় যুগ পর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

দীর্ঘ দেড় যুগ বা ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহান স্বাধীনতা দিবসের সেই চিরচেনা ঐতিহ্যে ফিরছে বাংলাদেশ। আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল কুচকাওয়াজ।

দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এদিন স্থল ও আকাশে প্রদর্শিত হবে বাহিনীর আধুনিক সমরাস্ত্র ও রণকৌশল।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতোমধ্যে সাভারে ও প্যারেড গ্রাউন্ডে কয়েক দফা মহড়ার মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে আরও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণাঢ্য এই আয়োজনের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের রাজকীয় প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে মূল কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। এবারের কুচকাওয়াজে সেনাবাহিনীর সাজোয়া যান (আরমার্ড), অত্যাধুনিক আর্টিলারি গান, সিগনালস ইউনিট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এয়ার ডিফেন্স এবং প্যারা কমান্ডোদের চৌকস দল অংশ নেবে। এছাড়া নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্টের উপস্থিতি প্রদর্শনীকে আরও শক্তিশালী করে তুলবে।

আকাশপথের প্রদর্শনীতে অংশ নেবেন বিমান বাহিনীর প্যারাট্রুপাররা, যারা সাহসিকতার সাথে জাতীয় পতাকা নিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত ফ্লাইপাস্ট ও আকাশ মহড়া দর্শকদের বিমোহিত করবে। অনুষ্ঠানের সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমানগুলো আকাশ কাঁপিয়ে রাষ্ট্রপতিকে বিশেষ সালাম জানিয়ে এই বর্ণাঢ্য প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করবে।

খুঁজুন