রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে সেতু বিভাগের নির্দেশনা

ঈদযাত্রা নিরাপদ করার লক্ষ্যে সেতু বিভাগের নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তারা, সাইট অফিসসংশ্লিষ্ট জেলার প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সচিব ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখার নির্দেশনা প্রদান করেন, যাতে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে। এছাড়া সেতু বিভাগের অধীন সব সেতু/স্থাপনায় সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোর ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং-এর জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য নির্দেশনা দেন।

বর্ণিত বিষয়ে গত ১২ মে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সভার গৃহীত সিদ্ধান্তগুলো অনুযায়ী জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত করার বিষয়ে সচিব সভায় গুরুত্ব আরোপ করেন। বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের জন্য যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

সচিব দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অংকের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করেন।

সভায় সিমেন্ট, রড, পাথর ও বালু বহনকারী ট্রাকগুলো ঈদুল আজহার আগে ও পরে সাত দিন চলাচল সীমিত রাখা এবং তিন দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি, পচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী গাড়িগুলোর পণ্য পরিবহন এবং নির্মাণকাজে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সচিব নির্দেশনা দেন।

পাশাপাশি কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখা এবং রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বিবেচনায় কোরবানির পশু ব্যবসায়ী ও যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা কামনা করেন।


খুঁজুন