শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল

ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল

নাড়ির টানে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গাজীপুরসহ রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৯০ ভাগের বেশি তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।

যাত্রীদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি ধীরগতিতে চলছে। এ ছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে তাদের কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। এতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপযোগে গন্তব্যে পাড়ি দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, আজ মঙ্গলবার দুপুরের পর অধিকাংশ তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ঈদের ছুটি কাটাতে একযোগে বাড়ি ফিরতে শুরু করেন কারখানা শ্রমিকরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে গ্রামের পথে ছুটছেন তারা। অনেকে কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকযোগে বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কে দেখা দেয় মানুষের ঢল,যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ।

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় টঙ্গী, গাজীপুরা থেকে বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় যানবাহন চলে ধীরগতি। মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিং, বৃষ্টির কারণে জলাবদ্ধতা, যত্রতত্রভাবে যাত্রী উঠানামা ও মানুষের জটলা থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবীরপুর থেকে কালিয়াকৈর বাইপাস ও সফিপুর থেকে চন্দ্রা অংশে গাড়ির চাপ গত কয়েকদিন তুলনায় বেড়ে যাওয়ায় গাড়ির গতি মন্থর হয়ে পড়ে। এতে এই পয়েন্ট দিয়ে সৃষ্টি হয় থেমে থেমে যানজটের।

যাত্রীদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। এতে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। এ ছাড়া পরিবহনগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া হাঁকায় দুর্ভোগ বেড়েছে তাদের।

সাইফুল নামে এক যাত্রীর সঙ্গে কথা হয় ভোগড়া বাইপাস এলাকায়। তিনি বলেন, ‘টঙ্গী থেকে চৌরাস্তা আসতে ৪০ মিনিট সময় লাগে। কিন্তু, আজ এ পর্যন্ত পৌঁছাতে তিন ঘণ্টা সময় লেগেছে। জানি না কখন বাড়িতে পৌঁছাতে পারব। রাস্তায় অনেক যানজট।’

বসুমতি পরিবহনের চালক খালেদ বলেন, ‘পুরো রাস্তায় গাড়িতে রিজার্ভ। গাড়ি সামনে টানতে পারছি না। গাবতলী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে স্বাভাবিক সময়ের তুলনায় সময় বেশি লেগেছে। ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদযাত্রায় পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে জানিয়েছেন যাত্রীরা।’

ময়মনসিংহ যাবেন পোশাক শ্রমিক লাবু মিয়া। তিনি বলেন, ‘আগে ময়মনসিংহ যাইতাম ২০০ টাকায়, এখন ভাড়া চাইছে ৪০০-৫০০ টাকা। অনেকে বাড়তি ভাড়ার কারণে বাড়ি যেতে পারছে না।’

ট্রাকে চড়ে ছোট শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে ত্রিশাল যাচ্ছেন আব্দুল জলিল। তিনি বলেন, ‘ভাড়া একটু কম ও গাদাগাদি না থাকায় তিনি ট্রাকযোগে বাড়ি ফিরছেন। জীবনের ঝুঁকি থাকলেও আল্লাহকে ভরসা করে রওনা দিয়েছি।’

খুঁজুন