রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমাতে থাকেন টিকিটপ্রত্যাশীরা, তবে কমলাপুরে দুটি জায়গায় টিকিট বিক্রি হওয়ায় ঈদুল ফিতরের তুলনায় এবার টিকিটপ্রত্যাশীদের ভিড় কম দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মুখরিত পুরো স্টেশনের অভ্যন্তর। বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন।

জানা গেছে, স্টেশনে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এরমধ্যে অনেকেই পেয়েছেন টিকেট।

কাউন্টার কর্তৃপক্ষ জানায়, আজ (১ জুলাই) দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিটপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খলা রোধে বাঁশি বাজাচ্ছে রেলওয়ে পুলিশ। মাইকে কিছুক্ষণ পরপর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার অনুরোধ করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

ঢাকায় ছয়টি স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার ট্রেনের টিকিট পাওয়া যাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেয়া হচ্ছে উত্তরাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট। কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে।

তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, শুক্রবার থেকে পাঁচ দিন কাউন্টারে কাউন্টারে সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর মোবাইল অ্যাপ এবং ইন্টারনেটে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে।

এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী ট্রেনে প্রতিদিন আসন সংখ্যা হবে ২৬ হাজার ৭১৩টি। এর মধ্যে কাউন্টারে অর্ধেক টিকিট বিক্রি হবে। বাকি অর্ধেক টিকিট মোবাইল অ্যাপ ও ই-টিকেটিংয়ের মাধ্যমে বিক্রি হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘কমলাপুর শহরতলী স্টেশন থেকে এবারই প্রথমবারের মতো দেয়া হচ্ছে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট। এর বাইরে জয়দেবপুরেও এবার প্রথম ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। মানুষের ভোগান্তি কমানোর জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।


খুঁজুন