রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফরিদপুরে মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফরিদপুরে মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ সকাল থেকে কোনো প্রভাব না ফেললেও হঠাৎ যেন উস্কে গেল। ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধকারীরা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তবে ভাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল করছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফ হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে ১ হাজার পুলিশ, ২০০ সেনাবাহিনী, র‍্যাব, বিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। হঠাৎ করে আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলছিল। হঠাৎ করে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এতে দুই মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফের নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে মানুষের ভোগান্তি নিরসনে ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

খুঁজুন