রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় গাড়ি থেকে সেতুতে নামলেই জরিমানা

গাড়ি থেকে সেতুতে নামলেই জরিমানা

আজ সোমবার থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই গুনতে হবে জরিমানা। শুধু ছবি নয়, বাইকে গতিসীমা অতিক্রম করলে কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

গতকাল রবিবার বেলা ২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতাবলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে এলাম। সেতুতে নেমে কেউ ছবি বা সেলফি তুললে কিংবা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। প্রথম দিন শিথিল থাকলেও সোমবার থেকেই কঠোর ব্যবস্থা নেব আমরা।’ উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রবিবার সকাল থেকে দেখা যায়, পদ্মা সেতু পার হতে যাওয়া লোকজন নিজেদের বাইক কিংবা গাড়ি থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকে টিকটক কিংবা ভিডিও করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। এমন পরিস্থিতি দেখে প্রশাসন জরিমানার উদ্যোগ নিয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে মোবাইল ক্যামেরায় সেলফি তোলার হিড়িক পড়েছে।

যদিও পদ্মা সেতুর ওপর যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুন) এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবু উৎসুক জনতাকে নিষেধাজ্ঞা অমান্য করেই ছবি তুলতে দেখা যায়।

সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। সেতুর ওপর যেকোনো ধরনের গাড়ি দাঁড়ানো ও গাড়ি থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।

রবিবার সেতুর মাঝামাঝি স্থানে সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ মানুষ গাড়ি থামিয়ে একক ও দলগত ছবি তুলছেন। বাস থামিয়ে যাত্রীদের নেমে ছবি তুলতে দেখা যায়।


খুঁজুন