রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গবাদি পশু পালন করে বেকারত্ব জয়

গবাদি পশু পালন করে বেকারত্ব জয়

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :   গবাদি পশু মোটাতাজাকরণের মাধ্যমে সিরাজগঞ্জের অনেক নারী-পুরুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। সারা বছরই এই প্রকল্প চালু থাকলেও কোরবানিকে সামনে রেখে সিরাজগঞ্জের গবাদি খামারিরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন গরু মোটাতাজাকরণে। কোরবানি ঈদে বেশি লাভের আশায় গ্রামের অনেকেই গবাদি পশু পালন করে বাড়তি টাকা আয় করে থাকেন।

জেলার ৯টি উপজেলাতেই কমবেশি গবাদি পশু মোটাতাজা করণের খামার রয়েছে। স্থায়ী খামারি ছাড়াও মৌসুমি খামারিরাও লাভের আশায় এ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। পুরুষের পাশাপাশি অনেক নারীও বাড়তি আয়ের জন্য পশু লালন পালন করছেন।

সরকারি হিসাবে এবছর জেলায় প্রায় ১ লাখ গবাদি পশু মোটাতাজাকরণ হচ্ছে বলে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরো বেশি বলে জানা গেছে। দেশি জাতের পাশাপাশি ভারতীয় ও নেপালি জাতের গরু পালন করছেন খামারিরা। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের খামারি রফিক জানান, তিনি এ বছরই প্রথম খামার করেছেন। তিনি ২০টি ষাঁড় দিয়ে খামার শুরু করেন। ইতিমধ্যেই ১০টি ষাঁড় বিক্রি করেছেন ১৩ লাখ টাকায়। বাকি ১০টি ষাঁড় ১৮ হতে ২০ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তিনি জানান, খামারের গরুগুলোকে ভুসি, ধানের কুড়া, ঘাস ও খড় খাওয়ানো হয়। দেশি জাতের গরু পালন করলে আরো বেশি লাভ হতো বলে আশা করেন তিনি।

এছাড়া চর মিরপুর এলাকার নজরুল  পাইকপাড়া গ্রামের  ছালাম গরু মোটাতাজা করছেন বলে জানান। নজরুল জানান, তিনি প্রতি বছরই দুটি করে গরু মোটাতাজা করে ভাল আয় করেন। স্থানীয় আব্দুস ছালাম এবার তিনটি গরু মোটাতাজা করছেন। এতে তার এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি আশা করছেন, যদি ভারতীয় গরু না আসে তিনটি গরু ৩ লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

মাত্র কয়েক মাস এ ব্যবসায় ভালো লাভ হওয়ায় এলাকার অনেকেই এখন এই ব্যবসার দিকে আসছেন। এতে তাদের বেকার সমস্যারও সমাধান হচ্ছে বলেও জানান।

এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার জানান, জেলায় এবছর প্রায় ১ লাখ গবাদি পশু মোটাতাজা করা হচ্ছে তিনি জানান, এই জেলায় গবাদি পশু মোটাতাজাকরণের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক ওষুধ বা ইনজেকশন দেয়া হয় না। তারপরও জেলা প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হয়।

খুঁজুন