শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় সাইবার অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

গজারিয়ায় সাইবার অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের জন্য কমন রুম উদ্বোধন এবং ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ায়। ২২ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন প্রমুখ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ থেকে দূরে রেখে প্রযুক্তিকে জ্ঞান ও উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন—

“ডিজিটাল যুগে প্রযুক্তি হবে জ্ঞানার্জনের সোপান। শিক্ষা ও খেলাধুলার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধেও শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে।”

এদিন গজারিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তিনটি বিদ্যালয়ে ছাত্রীদের জন্য পৃথক কমন রুম উদ্বোধন করা হয়। এসব রুমে ছাত্রীদের সার্বিক সুরক্ষা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানায় এবং বলেন, এতে তাদের বিদ্যালয় জীবন আরও স্বস্তিদায়ক হবে।

অপরদিকে দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর বাউসিয়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হলো। তবে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতি নিয়ে কিছু সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, “জনগণের জন্য নির্মিত ভবনের উদ্বোধনে চেয়ারম্যানের উপস্থিত থাকা উচিত ছিল।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত উপজেলার ভবেরচর পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি সেখানে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। জেলা প্রশাসক আশ্বাস দেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

দিনব্যাপী এসব কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে বাইসাইকেল ও কমন রুম উদ্বোধনে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনকে স্থানীয়রা জনগণের সেবার নতুন দ্বার হিসেবে দেখছেন। অপরদিকে পূজা মণ্ডপ পরিদর্শনকে সবার মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রয়াস হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।

খুঁজুন