শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় গত মাসে ২৪৩ নারী নির্যাতনের শিকার

গত মাসে ২৪৩ নারী নির্যাতনের শিকার

২০২২ সালের এপ্রিল মাসে ২৪৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৮০ জন। এর মধ্যে তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে ২৪৩ জনের মধ্যে ৩৩ কন্যাশিশুসহ ৪৭ জন ধর্ষণের শিকার, ১৮ কন্যাশিশুসহ ৩০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, দুই কন্যাশিশুসহ তিনজন ধর্ষণের পর হত্যার শিকার হয়। এ ছাড়া ছয় কন্যাশিশুসহ আটজনকে ধর্ষণের চেষ্টা করা হয়। দুই কন্যাশিশুসহ সাতজন শ্লীলতাহানির, সাত কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়ন ও একজন এসিডদগ্ধের শিকার হয়। তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়; এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ১০ কন্যাশিশুসহ ১১ জন অপহরণ ঘটনার ও একজন কন্যাশিশু অপহরণের চেষ্টার শিকার হয়। নারী ও কন্যাশিশু পাচারের ঘটনা ঘটেছে একটি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয় ১৩ জন; এর মধ্যে তিনজনকে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ কন্যাশিশুসহ ২৬ জন। ১০ কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে; এর মধ্যে দুই কন্যাশিশু আত্মহত্যা করেছে। বিভিন্ন কারণে তিন কন্যাশিশুসহ ২৯ জনকে হত্যা ও একজনকে হত্যাচেষ্টা করা হয়েছে।

চারজন কন্যাশিশুসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৯ কন্যাশিশুসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই কন্যাশিশুসহ তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়। একজন ফতোয়ার, দুজন পুলিশি নির্যাতনের, দুই কন্যাশিশুসহ চারজন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। এ ছাড়া এক কন্যাশিশুসহ তিনজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।


খুঁজুন