শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুগদা হাসপাতাল

হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুগদা হাসপাতাল

রাজধানীর উত্তর-পূর্ব এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০১ত সালে যাত্র শুরু করে মুগদা জেনারেল হাসপাতাল, দুবছর পর এটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করা হয়। প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন শতাধিক রোগী। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এ হাসপাতালে সংকট লেগেই আছে।বিশেষ করে রোগীর তুলনায় মুগদা হাসপাতালে শয্যাসংখ্যাঅপ্রতুল। মাত্র ৫০০ শয্যা বিশিষ্ট হওয়ায় হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জটিল লোগে আক্রান্ত রোগীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ এলাকায় প্রচারণা সমবেশে আসার আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সবুজবাগ, মুগদা ও বাসাবো স্থানীয়দের কাছ থেকে এ এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে পারেন। যার মধ্যে অন্যতম হলো মুগদা হাসপাতালের একাধিক সংকট। পরে নির্বাচনি সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলেন হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সবুজবাগ, মুগদা ও বাসাবো এলাকার মানুষয়ের দেওয়া তার প্রতিশ্রতি পূরণের পদক্ষেপ নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই এলাকার (ঢাকা-৯) সংসদ সদস্য এবঙ সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে। সম্প্রতি মন্ত্রিসভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং এতে অর্থ মন্ত্রণালয় নীতিগত সম্মতি দিয়েছে। এর ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।’

হাবিবুর রশিদ বলেন, ‘মুগদা হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন দেখা যাচ্ছে। এর মাধ্যমে সবুজবাগ, মুগদা ও বাসাবো এলাকার মানুষ আরো উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা পাবে।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও লেটার দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দেয় এবং রোববার অর্থ মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে চূড়ান্ত সম্মতি পাওয়া গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। বিদ্যমান অবকাঠামো ও শয্যাসংখ্যা দিয়ে রোগীদের চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এ বাস্তবতায় হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ, বিশেষায়িত ইউনিট স্থাপন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ, আইসিইউ, হৃদরোগ, কিডনি, নিউরোসার্জারি ও শিশুস্বাস্থ্য বিভাগের সক্ষমতাও বাড়ানো হবে।

এলাকাবাসী মনে করছেন , হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণ স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবার সুযোগ পাবে। পাশাপাশি রাজধানীর অন্যান্য বড় সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কিছুটা কমবে।

খুঁজুন