রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় জাকসু নির্বাচনে লড়তে ৭৪০ মনোনয়নপত্র জমা

জাকসু নির্বাচনে লড়তে ৭৪০ মনোনয়নপত্র জমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ৭৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৭৩টি এবং হল সংসদে ৪৬৭টি।

 নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম মনোনয়ন সংগ্রহ ও জমাদানে তৃতীয় ও শেষদিন শেষে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য বরাদ্দ নির্ধারিত তিন দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৫টি পদে ২৯৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে ২৭৩টি। এছাড়া হল সংসদে ৫১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, মনোনয়নপত্র জমা হয়েছে ৪৬৭টি। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে ৮১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭৪০টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষদিনে নির্বাচন কমিশন কার্যালয়ে এদিন প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসু নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আজকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল। ইতোমধ্যে শিক্ষার্থীদের বড় একটা অংশের ভিড় দেখেছি। গত দুই দিনের চেয়ে আজকে প্রার্থীদের ভিড় ছিল বেশি। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু একটি নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে পারব।

আগামী ২৬ আগস্ট মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। ২৭ আগস্ট আপিলের রায় ঘোষণা করে ২৮ আগস্ট প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে। এরপর ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। একই দিন থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

খুঁজুন