রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঝালকাঠির কাঠালিয়ায় চেয়ারম্যানকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মারধর

ঝালকাঠির কাঠালিয়ায় চেয়ারম্যানকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মারধর

হাসিবুর রহমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান মো. কামাল হোসেনকে প্রকাশ্যে মারধর ও হেনস্তা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চলমান কার্যক্রমের মধ্যে হঠাৎ ৩০-৩৫ জনের একটি বিক্ষুব্ধ ছাত্র-জনতার দল কার্যালয়ে ঢুকে পড়ে। তারা চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান কামাল হোসেনকে বাইরে এনে সড়কের পাশে প্রকাশ্যে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মারেন এবং তাদের জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলেন।

এ সময় উপস্থিত একাধিক ব্যক্তি উত্তেজিত জনতাকে শান্ত করতে চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। তারা উভয় জনপ্রতিনিধিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।


চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পরপর তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটির চেয়ারম্যান পলাতক রয়েছেন। কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদারের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন।

বর্তমানে উপজেলার একমাত্র সক্রিয় ইউনিয়ন পরিষদ হিসেবে শৌলজালিয়ার চেয়ারম্যান রিপন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এতে নেতৃত্ব দিয়েছেন, তা স্পষ্ট নয়। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন