শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ঝুঁকি নিয়ে সেতুতে চলাচল, ঘটছে দুর্ঘটনা

ঝুঁকি নিয়ে সেতুতে চলাচল, ঘটছে দুর্ঘটনা

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের উপর জরাজীর্ণ সেতু দিয়ে চলাচলের সময় গাড়ি উল্টে তিনজন আহত হয়েছেন। মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনসহ হাজারো জনসাধারণ। সেতুটি আট বছর ধরে জরাজীর্ণ অবস্থায় আছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে খালটির ওপর সেতু নির্মাণ করা হয়। নির্মাণের সময়ই সেতুটি অনেক ত্রুটিপূর্ণ ছিল বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পাশে পর্যাপ্ত জায়গা না রেখেই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল দফতর। পাশাপাশি দুটি গাড়ি চলাচলের সময় দুর্ঘটনার শিকার হয়। ২০১৫ সালের দিকে অনেকগুলো রেলিং ভেঙ্গে পড়ে এবং সেতুটির পাটাতনের বিভিন্ন স্থান ভেঙ্গে যায়। সেতুর এক পাশের রেলিং ধসে যাওয়ায় সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সেতুটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতুটির উপর দিয়ে সফিপুর ও বাটামারা ইউনিয়নের কয়েক হাজার মানুষ ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহন দিয়ে মুলাদী সদরসহ বিভিন্ন স্থানে ঝুঁকি নিয়ে চলাচল করে। ফলে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে।

গত ৫ মার্চ একটি ভ্যান গাড়ি চলাচলের জায়গা দিতে গিয়ে নিচে পড়ে ভ্যান চালক আহত হয়েছেন। এরপর ৮ মার্চ একটি ইজিবাইক সেতুর নিচে উল্টে পড়ে গিয়ে চালকসহ দু’জন আহত হন।

সোনামদ্দিন বন্দরের সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। মুন্সীরহাট, বাটামারা, সফিপুর নোমরহাটসহ বিভিন্ন এলাকার মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

খুঁজুন