আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::
স্বাভাবিক হতে শুরু করেছে জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্য। গত বুধবার থেকে কারফিউ শিথিল করায় জয়পুরহাটে
ফিরেছে কর্মচাঞ্চল্য। দেশজুড়ে ব্যাপক নাশকতা ঘটলেও জয়পুরহাট ছিল শান্ত। ফলে জয়পুরহাটে কারফিউ চলাকালে তেমন কড়াকড়ি ছিল না।
এতে সাধারণ মানুষও ছিল অনেকটা স্বস্তিতে। এরই মধ্যে কারফিউ শিথিল হওয়ায় জয়পুরহাটের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুরোদমে খুলতে শুরু করে। সেই সঙ্গে বেড়ে যায় কর্মব্যস্ততা। ক্রেতাদেরও ভিড় বাড়তে থাকে।
ব্যবসায়ীরা বলছেন, এই কয়েক দিনে জয়পুরহাটে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জয়পুরহাটের আলম সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন- আমাদের জয়পুরহাট ছিল শান্ত। ফলে এখানে কারফিউ তেমন কড়াকড়ি না থাকলেও ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমার কাপড়ের দোকান বন্ধ থাকায় অন্তত ২০ হাজার টাকা লোকসান হয়েছে। আমার মত জয়পুরহাটের সব ব্যবসায়ীরই ক্ষতি হয়েছে। তবে এখন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ায় আমরা ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছি। আমরা চাই দেশর মানুষ সকলেই শান্তিতে থাকুক।