রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোকসানা মনোয়ার :রাজধানীর মিরপুরে ২ দশমিক ৩৪ কিলোমিটার কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার প্রসারিত রাস্তাও উদ্বোধন করেন, যা চার লেন থেকে ছয় লেনে উন্নীত এবং প্রশস্তকরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী কালশী বালুমাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে, যেটি পরবর্তীতে বিশাল জনসভায় রুপলাভ করে সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে ফ্লাইওভার এবং রাস্তার উদ্বোধন করেন।

ফ্লাইওভারটি মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা এবং বিমানবন্দরের মধ্যে যোগাযোগ আরো উন্নত করবে। এতে বিমানবন্দর থেকে মিরপুর পৌঁছাতে ১৫ মিনিট লাগবে।

একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি এই প্রকল্প অনুমোদন করে, যার অধীনে ইসিবি স্কয়ার থেকে কালশী পর্যন্ত একটি ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ এবং ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণের অনুমতি প্রদান করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) প্রায় ১,০১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়, ২০২৩ সালের জুনে নির্ধারিত সময়ের ৪ মাস আগেই নির্মাণকাজ শেষ হয়েছে।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এ প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেনবিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে। প্রধান চার লেনবিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেনবিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুটওভার ব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন, একটি ১৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, ৩৩৮৩ মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।

প্রকল্পটি হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

খুঁজুন