শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কাপ্তাইয়ের চিংম্রং বৌদ্ধ বিহারে ১৫ এপ্রিল সাংগ্রাই জল উৎসব

কাপ্তাইয়ের চিংম্রং বৌদ্ধ বিহারে ১৫ এপ্রিল সাংগ্রাই জল উৎসব

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে চিৎমরম একটি পবিত্র তীর্থস্থান। এখানে অবস্থিত শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারকে ঘিরেই প্রতিবছর বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে আয়োজন করা হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক-যুবতীরা পরস্পরের ওপর পানি ছিটিয়ে বিগত বছরের দুঃখ-গ্লানি ও ব্যর্থতা ভুলে নতুন বছরকে বরণ করেন।

উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বর্ণাঢ্য সাংগ্রাই শোভাযাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। উদ্বোধক হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক উসাই মং মারমা, হ্লাসুইমং মারমা (মং), সাচিং উ মারমা এবং সদস্য সচিব মংসুই উ মারমা জানান, মূল সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। তবে এ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিহার প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৈশাখী মেলা বসবে। মেলায় বিভিন্ন ব্যবসায়ী নানা ধরনের পণ্য নিয়ে স্টল বসাবেন।

এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক-দায়িকারা বৌদ্ধ পূজা, বুদ্ধমূর্তি স্নান, বয়োজ্যেষ্ঠদের স্নান করানোসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে সাংগ্রাই জল উৎসব। এবারের আয়োজন সফল করতে ইতোমধ্যে ৬৩ সদস্যবিশিষ্ট মূল কমিটি, ৯টি উপ-কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

খুঁজুন