শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় খোলা বাজারে ডলারের মূল্য ১০৪ টাকা

খোলা বাজারে ডলারের মূল্য ১০৪ টাকা

বেশ কয়েকদিন ধরেই টাকার দর পতন লক্ষ্য করা যাচ্ছে। বিপরীতে হু হু করে বাড়ছে ডলারের দাম। খোলা বাজারে ডালারের দাম আজ ১০০ টাকা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। এক্সচেঞ্জ হাউজগুলো আজ খুচরা ডলার ১০২ টাকা থেকে ১০৪ টাকায় বিক্রি করছে। একদিন আগেও এ দর ছিল ৯৬ থেকে ৯৮ টাকা।

মঙ্গলবার বিকেলে এক এক্সচেঞ্জ হাউজে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত কর্মী বলেন, আজকে রেট ১০৪ টাকা। তবে এখন নিতে চাইলে এক টাকা কম রাখা যাবে। এর নিচে দেওয়া যাবে না। এতো দাম কেন জানতে চাইলে তিনি বলেন, গতকাল ৯৭/৯৮ টাকা বিক্রি করেছি আজকে ১০২ টাকা উঠেছে, কাল আরও বাড়বে। কারণ ডলার পাচ্ছি না। চাহিদা আছে ডলার নেই।

আরেক ডলার ব্যবসায়ী বলেন, আজকে ১০৩ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছি। মানুষ বিদেশ যাচ্ছে। এখন নগদ ডলারের প্রচুর চাহিদা। ব্যাংকগুলোতেই ডলারের সংকট। এখন প্রতিদিনই দুই-তিন টাকা করে বাড়ছে। সামনে হজ মৌসুম আসছে, আরও দাম বাড়বে।

এদিকে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ সোমবার (১৬ মে) ডলারের দর বেঁধে দিয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা। কিন্তু তাদের বেঁধে দেওয়া এ রেট বাণিজ্যিক ব্যাংকগুলোও মানছে না। এখন ব্যাংকে এলসি করতে গেলে ডলারের বিপরীতে নেওয়া হচ্ছে ৯২ থেকে ৯৩ টাকা। আবার কোনো কোনো ব্যাংক ৯৫/৯৬ টাকাও নিচ্ছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া রেটের চেয়ে বাজারে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক গণমাধ্যমকে বলেন, আমাদের কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। তবে আমাদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি, এ কারণে ডলারের ওপর চাপ পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করছে। এখন পর্যন্ত ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করা হয়েছে। যখনই প্রয়োজন আরও ডলার সরবরাহ করা হবে।

খুঁজুন