রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা

কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা

কুষ্টিয়ার কুমারখালীতে তোফাজ্জেল হোসেন (৫২) নামে এক কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩১ মে) দুপুরে আড়াইটার দিকে কুমারখালী উপজেলার বংশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই কলেজ শিক্ষক। তোফাজ্জেল হোসেন কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহাম্মেদ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কলেজ শিক্ষক তোফাজ্জেলের সঙ্গে একই এলাকার আলতাফ মোল্লাদের বিরোধ চলেছিল। মঙ্গলবার দুপুরে ওই কলেজ শিক্ষক বাঁশগ্রাম কলেজ থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে বংশীতলা নতুন ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১৫জন সন্ত্রাসী মিলে, তার মটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তোফাজ্জেল হোসেনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

তোফাজ্জেল হোসেনের ছেলে হাসিব জানান, বেশ কিছুদিন ধরেই স্থানীয় আলতাফ মোল্লা গ্রুপের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুর আড়াইটায় আলতাফ মোল্লা গ্রুপের একদল সন্ত্রাসী তার বাবার ওপর সশস্ত্র হামলা চালায়। তার ওপর হামলা হতে পারে মোবাইল ফোনে এমন আগাম বার্তা পেয়েছিলেন বলেও জানান হাসিব।

তিনি বলেন, বাবা কলেজে পরীক্ষা নিচ্ছিলেন। বিষয়টি বাবাকে ফোন করে জানিয়েছিলাম। তাকে কলেজ থেকে অন্য কোথাও যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বাবা কুষ্টিয়া শহরে যাওয়ার জন্য বেল হলে হামলার শিকার হন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুঁজুন