রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লা চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কু‌মিল্লা চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কু‌মিল্লা ব্যুরো ঃ

কু‌মিল্লা চৌদ্দগ্রা‌মের আবদুল কাইয়ুম ফাহমিদ(৯) ও আবদুর রহমান ফাওয়াজ(৮)। দু’জনই আপন চাচাতো-জেঠাতো ভাই। সমবয়সী হওয়াতে তারা একসাথে চলাফেরা করতো। চৌদ্দগ্রা‌মের  সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তারা।             বৃহস্পতিবার স্কুল ছুটির পরে সবার অগোচরে দু’জনই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। বিষয়টি কেউ জানতো না। বাড়িতে ফিরতে দেরি হওয়াতে ফাহিমের বাবা জালাল উদ্দিন ও ফাওয়াজের বাবা বেলাল হোসেনসহ আত্মীয় স্বজনরা গ্রামের বিভিন্ন জায়গায় তাদেরকে খোঁজাখুজি করে। কোথাও পাওয়া যাচ্ছে না তাদেরকে। অবশেষে ওই পুকুরে স্থানীয়রা গোসল করতে নেমে দু’জনের লাশের সন্ধান পায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে। দুইজনের মৃত্যুতে পরিবারসহ আত্মীয় স্বজনের মাঝে চলছে শোকের মাতম। 

নিহত দুই শিশুর জেঠা মীর হোসেন বলেন, ফাওয়াজ ও ফাহমিদ স্কুল ছুটি শেষে গোসল করতে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়। আমরা কেউ জানতাম না। তাদের বাবা এবং আমরাসহ গ্রামের অনেক জায়গায় খোঁজাখুজি করেও তাদেরকে পাইনি। তারপর বাড়ির পাশের মসজিদের পুকুরের ঘাটে দু’জনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পাই। এতে আমাদের সন্দেহ হলে পুকুরে নামার সাথে সাথেই আমার পায়ের সাথে মানুষের শরীরের স্পর্শ পাই। স্থানীয়দের সহায়তায় ডুব দিয়ে তুলে দেখি-দু’জন একে অপরকে জড়িয়ে ধরে আছে। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

ফাহমিদের বাবা জালাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সড়ক দুর্ঘটনায় আমার এক বন্ধুর মেয়ে মারা যায়। তাকে দেখতে গিয়ে ওইখানে দেরি হয়ে যায়। প্রতিদিন ফাহমিদ ও ফাওয়াজকে আমি নিজ হাতে গোসল করাই। আজ তারা নিজেরা গোসল করতে গিয়ে আমাদের দুই ভাইয়ের বুক খালি করে চলে গেল। 

ফাওয়াজের বাবা বেলাল হোসেন বলেন, আমি চৌদ্দগ্রাম গিয়েছিলাম। আসতে দেরি হয়েছে। প্রতিদিন দুইজনকে স্কুল থেকে নিয়ে আসতাম। দুইজনকে একসাথে খাওয়াতাম। আজ কেন যে, চৌদ্দগ্রাম গেলাম নিজেও বুঝতে পারছি না। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে যান। 

সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা বেগম বলেন, ফাওয়াজ ও ফাহমিদ দুইজনই আমার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার তারা স্কুলে এসেছিল। ছুটি শেষে বাড়িতে গিয়ে গোসল করতে নেমে দুইজনই মারা যায়। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। 

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ফাহমিদ ও ফাওয়াজ আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা সাঁতার জানতো না। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে।

খুঁজুন