রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি:  

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটিকে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় কাচারী বাড়ি অহিদ উদ্দিন এবং ছোট ইউসুফের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে কথাকাটাকাটির পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় শিশু আদিবা খাতুন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অহিদ উদ্দিনের গুলিতে শিশুটির পেটের ভেতর দিয়ে গুলি প্রবেশ করে এবং পিঠ দিয়ে বের হয়ে যায়।


শিশুটি একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে এবং বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত শিশুটিকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসা হয়, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযুষ চন্দ্র দাস বলেন, "গুলিটি শিশুটির পেট ছিদ্র করে ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"


চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, "আধিপত্য বিস্তার নিয়ে অহিদ ও ছোট ইউসুফের মধ্যে দীর্ঘদিন ধরে দন্দ চলছিল। গোলাগুলির ঘটনায় শিশু আদিবা খাতুন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।"


এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা শিশুটির সুস্থতা কামনা করছেন।                                                                       

খুঁজুন