শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ব্যাপক ধরপাকড়

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ব্যাপক ধরপাকড়

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। ব্রিটিশ পার্লামেন্টে ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় অন্তত ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিফেন্ড আওয়ার জুরিজ নামের একটি প্রচারগোষ্ঠী এই সমাবেশের আয়োজন করে। তারা জানায়, প্রায় দেড় হাজার মানুষ এদিন পার্লামেন্ট স্কয়ারে জড়ো হন। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে অনেককে মারধর করেছে, অনেককে শুধু ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাজ্যের বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি ব্যবহার করে এবং অন্তত একজনকে গ্রেপ্তারের সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাদের ওপর হামলা, পুলিশকে ঘুষি মারা, লাথি মারা, থুতু নিক্ষেপ, পানি ও বোতল ছোড়াসহ নানা অভিযোগে ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এভাবে গ্রেপ্তার ও সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের কর্মকর্তা কেরি মস্কোগিউরি বলেন, শান্তিপূর্ণভাবে বসে প্রতিবাদ করার জন্য মানুষকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হলে বুঝতে হবে- যুক্তরাজ্যে কিছু একটা ভয়াবহ ভুল হচ্ছে।

খুঁজুন