রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ‎মাভাবিপ্রবিতে ঈদের দিনে শিক্ষার্থীদের পাশে উপাচার্য ও প্রক্টর

‎মাভাবিপ্রবিতে ঈদের দিনে শিক্ষার্থীদের পাশে উপাচার্য ও প্রক্টর

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়ে ঈদ উদযাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন।

‎আজ ৭ জুন (শনিবার), ২০২৫ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য ও প্রক্টর। এরপর শিক্ষার্থীদের সঙ্গে কোরবানিতে অংশ নেন তারা।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়েছে। থাকছে উন্নতমানের মধ্যাহ্নভোজের ব্যবস্থাও।

‎উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি আমার প্রথম ঈদ, এবং আমি ইচ্ছা করেই ক্যাম্পাসে অবস্থান করছি। শুনেছি কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছে। নামাজ ও কোরবানির পর আমি হলে গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। আশা করছি ভালো সময় কাটবে।”

‎প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় ছুটির মধ্যেও কিছু শিক্ষার্থী পরিবার ছেড়ে হলে অবস্থান করছে। তাদের জন্য উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা ভাসানী হুজুরের নামে কোরবানির আয়োজন করা হয়েছে—যা এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ও একটি পরিবার, আর পরিবারের আনন্দ ভাগাভাগি করাই স্বাভাবিক। আমি ঈদের নামাজ ক্যাম্পাসে আদায় করব এবং ইনশাআল্লাহ দুপুরে হলে যাওয়ার চেষ্টা করব।

‎হলে অবস্থানরত শিক্ষার্থী সাগর নাইম বলেন, “আজ আনন্দের একটি দিন। পরিবার থেকে দূরে ঈদ করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আয়োজন যেন সেই অভাবটুকু বুঝতে দেয়নি।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে।

‎উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাভাবিপ্রবি ২৩ দিনের ছুটি ঘোষণা করেছে, যা ২৯ মে থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২১ জুন (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে।

খুঁজুন