রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিকরা

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার সাংবাদিকরা

জামাপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় দেশজুড়ে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন গণমাধ্যমকর্মীরা। সহকর্মী হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন, পথসভা, বিক্ষোভ মিছিল করেছেন তারা।

এসব কর্মসূচি থেকে দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানিয়েছেন।

বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

নাদিম হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা

বাগেরহাট : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচি থেকে নাদিম হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যা করে পার পাওয়া যাবে না। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকি, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার ও বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী।

রাজবাড়ী : জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা প্রেস ক্লাবের আয়োজনে শহরের মালেক প্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই।

পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাংশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, সহসভাপতি আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহামুদ, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, এম এ জিন্নাহ।

কুষ্টিয়া : নৃশংসভাবে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকরা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধনে নেতারা অবিলম্বে নাদিম হত্যাকাণ্ডে জড়িত জামালপুরের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু গংয়ের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

আর কত সাংবাদিকের প্রাণ গেলে বিচার পাব এমন প্রশ্ন রেখে মানববন্ধনে বক্তারা বলেন, আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন। দেশে আর কত সাংবাদিক হত্যার স্বীকার হবে? গুটিকয়েক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জামালপুরের সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচির পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুশিয়ারি দিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

সাংবাদিক হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধনে কুষ্টিয়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতারা বক্তব্য দেন। বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি গোলম মওলা, কোষাধক্ষ্য এম লিটন উজ জামান, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বাংলা নিউজ টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান।

খাগড়াছড়ি : জামালপুরের বাংলা নিউজের প্রতিনিধি ও বকশীগঞ্জ উপজেলার একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানি নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সাংবাদিকরা। শুক্রবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা দ্রুত গোলাম রব্বানি হত্যার নির্দেশদাতা বাবু চেয়ারম্যানসহ সব হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া সারা দেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি দুলাল হোসেনের সঞ্চালনা ও ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহসভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং টিআবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আবদুর রহমান।

নাটোর : নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে তীব্র গরম উপেক্ষা করে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নাটোরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নাটোরের গণমাধ্যমকর্মীরা নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

ফরিদপুর : সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ : নাদিমের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় : দুর্বৃত্তদের হামলায় জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকরা।

 

খুঁজুন