রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নদী ভাঙন রোধে সরকা‌রের দৃ‌ষ্টি আর্কষণ

নদী ভাঙন রোধে সরকা‌রের দৃ‌ষ্টি আর্কষণ

নিজস্ব প্রতি‌নি‌ধি, শেরপুর:

শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বি‌কে‌লে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসহ নদীর পাড়ে দাঁড়িয়ে কয়েক শতাধিক ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী মানববন্ধন অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী বলেন, বিগত কয়েক বছরে এলাকার কয়েক শতাধিক মানুষ এই নদী ভাঙন কবলিত হয়ে ভিটে মাটি ও সহায় সম্বলহীন পড়েছে। গত বছর একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ সহ গোরস্থান ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। নকলা উপজেলার প্রায় ২ কি: মি: অংশে এই ভাঙন শুরু হয়েছে। 

মানব বন্ধনে অংশ নেয়া নকলা সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের প্রভাষক শরিফ আহমেদ খান বলেন, বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলের মানুষ ব্রহ্মপুত্র নদের ভাঙনে সহায় সম্বলহীন হয়ে গেছে, তবে প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন রোধে কোন কাকার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় এলাকাবাসী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজীব জানান, এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় নদীর পাড়ে বিলিনের পথে, এই অঞ্চলের ছেলে মেয়েরা কোথায় পড়তে যাবে তা নিয়ে আমরা চিন্তিত। 

স্থানীয় কৃষক বারেক মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে আমার ৪ একর জমি বিলীন হয়ে আজ আমি সহায় সম্বলহীন হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। 

নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। 

জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, নকলা উপজেলা ব্রহ্মপুত্র নদীর ভাঙন এলাকায় বাঁধ নির্মাণের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এই মুহুর্তে নেই। তবে ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন