রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে চাল ও আম সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে চাল ও আম সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে নওগাঁ থেকে সারাদেশে চাল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টারদিকে নওগাঁ জেলা শহরের প্রান কেন্দ্র মুক্তির মোড়ে নওগাঁ জেলার সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যানারে ১ ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ বন্ধ করা হলে প্রয়োজনে নওগাঁ থেকে সারাদেশে চাল, আম সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বসাধারণ।

এতে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক সাধারণ জনতা অংশ নেন। এর আগে সকাল সারে ১০ টারদিকে নওগাঁ মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে এসে সমবেত হোন তারা। নওগাঁ মেডিকেল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেন বলেন, আমরা বিভিন্ন পত্র-পত্রিকার খবরে জানতে পারছি, অন্তর্বর্তীকালীন সরকার মানহীন তকমা লাগিয়ে নওগাঁ মেডিকেল কলেজ সহ ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে চাচ্ছে। নওগাঁ মেডিকেল কলেজ কখনোই মানহীন হতে পারেনা। আমাদের এখানে শিক্ষার্থী অনুপাতে প্রতি ৪ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষক আছে। আমার মনে হয় না এটি বাংলাদেশের আর কোনো মেডিকেল কলেজে আছে। এখানে যারা শিক্ষক আছেন তারা সকলেই উচ্চ দক্ষতা সম্পন্ন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ২৬টি মেডিকেল কলেজে পরীক্ষা হয় সেই পরীক্ষায় বরাবরই নওগাঁ মেডিকেল কলেজ প্রথম স্থান কিংবা দ্বিতীয় স্থানে থাকে। ভালো ফলাফল সত্ত্বেও এই মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা। এই কলেজ বন্ধ করা হলে নওগাঁ থেকে চাল, আম সরবরাহ বন্ধ, অনশনসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে একাত্মতা ঘোষণা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর সভার সাবেক মেয়র নজমুল হক সনি বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া আর কিছুই না। নওগাঁবাসী কোনো ভাবেই এটা মেনে নেবে না। কোনো সরকারি প্রতিষ্ঠান মানহীন হলে সেটার মান উন্নত করার দায়িত্ব সরকারের। প্রতিষ্ঠান বন্ধ কোনো সমাধান হতে পারে না। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টা রুখতে বিএনপি'র নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবে। প্রয়োজনে নওগাঁ থেকে সারাদেশে চাল, আম সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

উক্ত বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, যুগ্ম-আহ্বায়ক মামুনুর রহমান রিপন, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ফারহান সাদিক রওনক সহ নওগাঁ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

খুঁজুন