রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরের দায়ের করা মামলায় মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন মাস্টার নামে জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার পূর্ব মধ্যরাতে নওগাঁর ধামুরহাট উপজেলার চককালু গ্রামে এই ঘটনা ঘটে। সকালে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ কৌতুহল নিয়ে ছুটে যায় ঐ বাড়িতে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, থানার ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আবু বক্করের মেয়ে রেশমা খাতুনকে (৩০) বিয়ে করে উপজেলার আলমপুর ইউনিয়নের আবুল কালাম সরকারের ছেলে শিশু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও আলমপুর ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন (৪০)। বিয়ের পর এক সন্তানের জননী রেশমাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়শ মারপিট করে আসছিলেন স্বামী মোস্তফা কামাল রিভেন। এমতাবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত ১ টারদিকে রেশমা খাতুন স্ট্রোক করেছে বলে রেশমার বাবার বাড়িতে খবর দিলে শ্বশুর আবু বক্কর দ্রুত মেয়ের বাড়ি এসে তাকে মৃত দেখতে পান এবং গৃহবধুর মাথায় ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে জামাই মোস্তফা কামাল সরকার ওরফে রিভেনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে জামাই মোস্তফা জানায়, তার স্ত্রী আত্নহত্যা করেছে। কিন্তু তাতেও শ্বশুর আবু বক্কর বিশ্বাস করতে না পেরে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে স্বামী মোস্তফা কামালকে গ্রেফতার করেন।

মৃত গৃহবধুর ভাইয়ের স্ত্রী আসমা খাতুন জানান, ৪ লাখ টাকা যৌতুক চুক্তিতে বিয়ের পরেই ২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। আবারও টাকার জন্য তার ননদকে মার-ধর করতো বলে আমার ননদ রেশমা প্রায়ই আমার কাছে বলতো।

এদিকে সাড়ে ৪ বছরের শিশুও জন্মদাতা বাবাকে বিশ্বাস করতে পারছে না, খুনের জন্য দায়ি করছে বাবাকেই। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে খুন হওয়া গৃহবধু রেশমার বাবা আবু বক্কর বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বাদী কর্তৃক খুনের অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে ঐ দিনই বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

খুঁজুন