রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর অকার্যকর অবস্থায় দেয়ালে ঝুলছে আবহাওয়া পূর্বাভাস তথ্যবোর্ড

অকার্যকর অবস্থায় দেয়ালে ঝুলছে আবহাওয়া পূর্বাভাস তথ্যবোর্ড

মোজাহিদ সরকার, ইটনা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ০৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থাপিত কৃষি আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বোর্ডগুলো অকার্যকর অবস্থায় দেয়ালে ঝুলছে। তিন বছর আগে স্থাপন করার পর থেকেই সেগুলো অকার্যকর হয়ে পড়ে রয়েছে। এগুলো কীভাবে ব্যবহার করতে হবে, সে বিষয়ে জানেন না পরিষদের কেউ। যন্ত্রগুলো এবং তথ্য বোর্ড পড়ে থাকার ফলে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত হচ্ছেন কৃষকেরা।

এসব তথ্য বোর্ডে গত ও আগামী তিন দিনের আবহাওয়া সম্পর্কিত তথ্য প্রকাশের কথা। বোর্ডে ওই তিন দিনের মোট বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতার হার, বায়ুপ্রবাহ ও দিনের আলো কতক্ষণ থাকবে সে তথ্য দেওয়ার ছক রয়েছে আর ওই ছকের তথ্য থেকেই কৃষকেরা আবহাওয়ার আগাম তথ্য জানতে পারবেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, স্থাপনের পর থেকেই এসব যন্ত্র অকার্যকর হয়ে পড়ে রয়েছে। এক দিনের জন্যও কৃষি আবহাওয়ার পূর্বাভাস-সম্পর্কিত কোনো তথ্যও এসব যন্ত্র বা বোর্ডের মাধ্যমে তাঁদের দেওয়া হয়নি।

ইটনা সদর ইউনিয়নের কৃষক সাদ্দাম মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদে তথ্য বোর্ডের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার বিষয়ে তাঁরা কিছু জানেন না। এমন তথ্য তাঁরা কখনো পাননি। তবে এ রকম তথ্য দেওয়া হলে, প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের ফসল কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, ‘রাষ্ট্রের অর্থ ব্যয় করে এসব তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে কিন্তু এইসব বোর্ড পরিষদের সামনে অকার্যকর অবস্থায় পড়ে আছে। মৃগা ইউনিয়নের সচিব দেবনাথ জানান, এসব যন্ত্র কোথায় থেকে দেওয়া হয়েছে এবং কীভাবে চালাতে হয় তা কিছু-ই জানে না জনগণ, শুধুমাত্র একদিন দেয়ালে ঝুলিয়ে রেখে চলে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা বলেন, হাওর এলাকায় আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকরা অনেক টাই আবহাওয়া উপর নির্ভরশীল, সেক্ষেত্রে কৃষকরা আগাম আবহাওয়া তথ্য পেলে আগে থেকেই প্রস্তুতি নিতে পারতো। কৃষকদের আগাম তথ্য দেওয়া জন্য সারা দেশেই আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড স্থাপন করা হয়েছে কিন্তু এই বোর্ড গুলো দীর্ঘদিন ধরেই অকার্যকর অবস্থায় পড়ে আছে। এই বোর্ড গুলো আপডেট করার জন্য যেসব প্যারামিটার যন্ত্র গুলো আছে ঐ বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই সেজন্য এগুলো আপডেট করতে পারছে না।

খুঁজুন