শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পাটুরিয়ায় ঈদযাত্রা নিরাপদ করতে সমন্বিত মতবিনিময়

পাটুরিয়ায় ঈদযাত্রা নিরাপদ করতে সমন্বিত মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জে নিরাপদে যাত্রী পারাপার ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন পদ্মা রিভার ভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উন্মুক্ত আলোচনায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা পাটুরিয়া ঘাট এবং মহাসড়কের বিভিন্ন সমস্যা এবং করনীয় নিয়ে আলোচনা করেন। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা কাজ করবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক ভ্রাম্যমান আদালত পর্যবেক্ষণে দায়িত্বে থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সভায় পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, বিশৃঙ্খলা এবং যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানী থেকে মানিকগঞ্জ ঢোকার দুটি প্রবেশদ্বার এবং পাটুরিয়া ঘাট এলাকায় আট শতাধিক পুলিশ সদস্যনিয়োজিত থাকবে। যাত্রী ভোগান্তি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ও পরে দশ দিন পন্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে ঘাট এলাকায় শুধুমাত্র যাত্রীবাহী পরিবহন চলাচল করবে। ফলে চাপ মোকাবেলা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

মহাসড়কের উন্নয়ন কাজ, লোকাল গাড়ি ও থ্রি হুইলার ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে এমনটা মনে করেন অনেকেই। ঢাকা-আরিচা মহাসড়কের চলমান উন্নয়ন কাজের প্রসঙ্গ টেনে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ইতিমধ্যে আমাদের সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে। বিভিন্ন স্টপেজ এলাকায় ডিভাইডার বসানো হয়েছে। ফলে আগের মত দূরপাল্লার বাসগুলোকে আর স্টপেজ এলাকাগুলোতে ধীর গতিতে চলতে হবে না। 

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরা রহমান, শিবালয় সার্কেলের পুলিশ সুপার নুরজাহান লাবনী, র্যাব -৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন, শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানু, সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিন, বিআইডব্লিউটিসি'র উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ, বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন