রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে ২০২৫ সালের ৫ জুন পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে এবং এদিন সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪,২৮৩ টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৮৫০ টাকা— যা উভয় সেতুর ইতিহাসে এক নতুন রেকর্ড। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৬ জুন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১,৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭০০ টাকা। আবার, বিগত ২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫,৬২১ টি যানবাহন পারাপার হয়েছে এবং ২০২৪ সালের ১৪ জুন ৩ কোটি ৮৩ লক্ষ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছিল।

এই গৌরবময় অর্জনের পেছনে যাঁদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে—তাদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ও সেতু সচিবের প্রাজ্ঞ নেতৃত্ব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দের পেশাদারিত্ব এবং টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার।

এই সাফল্যের মাধ্যমে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এই সাফল্যকে সম্ভব করেছে।

খুঁজুন