এম রহমান :
ঢাকা শহরে পরিবহনের অব্যবস্থাপনার কারণে নগরবাসী কাহিল অনেক আগে থেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজটের অসহনীয় যন্ত্রণা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারের কিছু উদ্যোগ গ্রহণের কারণে মানুষ আশার আলো দেখতে পেলেও সময়ের সঙ্গে সেই আশাও নিরাশায় পরিণত হয়েছে। মূলত পরিবহনমালিক ও নেতাদের অসহযোগিতার কারণে সরকারের গৃহীত পরিকল্পনা ভেস্তে গেছে
ঢাকা শহরে পরিবহনের অব্যবস্থাপনার কারণে নগরবাসী কাহিল অনেক আগে থেকেই। এর সঙ্গে যুক্ত হয়েছে যানজটের অসহনীয় যন্ত্রণা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারের কিছু উদ্যোগ গ্রহণের কারণে মানুষ আশার আলো দেখতে পেলেও সময়ের সঙ্গে সেই আশাও নিরাশায় পরিণত হয়েছে। মূলত পরিবহনমালিক ও নেতাদের অসহযোগিতার কারণে সরকারের গৃহীত পরিকল্পনা ভেস্তে গেছে
অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিনের মধ্যে পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের দুই অধ্যাপকের সঙ্গে ঢাকার যানজট নিয়ে মতবিনিময় করেছিলেন প্রধান উপদেষ্টা। তাঁরা সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে ঢাকা শহরের পুরো পরিবহন রুট এক কোম্পানির মাধ্যমে পরিচালনা এবং ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। তাঁদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো শুরু হলেও কিছুদিন পর সেই উদ্যোগ থেমে যায়।
মূলত পরিবহনমালিক ও শ্রমিকনেতারা কোনোভাবেই পরিবহনের ভালো উদ্যোগকে বাস্তবায়ন করতে দিতে চাইবেন না। এটা হলে তাঁদের অবৈধ আয়-রোজগার ও লুটপাট বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারও বাসরুট রেশনালাইজেশন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে তিনটি রুটে ঢাকা নগর পরিবহন চালু করেছিল। সেই উদ্যোগও বাস্তবায়ন করা যায়নি।
দেশে যদি সত্যিকার অর্থে গণপরিবহন বলে কিছু থাকত, তাহলে বেসরকারি বাসমালিকেরা এই নৈরাজ্যকর অবস্থা তৈরি করতে পারতেন না। একই সঙ্গে গণপরিবহনব্যবস্থা গড়ে উঠতে এই চক্র প্রবল বিরোধিতা করে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস চলাচলেও চরম অসহযোগিতা করে আসছেন পরিবহন খাতে একচেটিয়া প্রাধান্য বজায় রাখা বেসরকারি পরিবহন ব্যবসায়ীরা। এর ফলে যাত্রীদের ভোগান্তি ও অসহনীয় যানজট কমছে না।
ঢাকায় গণপরিবহন খাতের বিশৃঙ্খলায় অতিষ্ঠ নগরবাসী। অবৈধ, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন অবাধে চলাচল এবং ব্যস্ত সড়কে যত্রতত্র থামানোর কারণে অসহনীয় যানজট ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। গণপরিবহন খাতের এই বিশৃঙ্খলা দীর্ঘদিনের অনিয়মের ফসল। এর জন্য পরিবহন মালিক-শ্রমিকেরা যেমন দায়ী, তেমনি সরকারও সমানভাবে দায়ী। অতীতের রাজনৈতিক দলগুলোই পরিবহনমালিকসহ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের নানা ধরনের অনিয়ম করার সুযোগ করে দিয়েছে। বাসমালিকেরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের প্রভাবেই চলছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিভিন্ন সময়ে তাঁদের স্বার্থে একচেটিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরাই আবার আইন কার্যকরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এসব কারণেই ঢাকার মতো ব্যস্ত শহরে যানবাহন ব্যবস্থাপনার চিত্রটি এত ভয়াবহ হয়ে উঠেছে।
গণপরিবহনের অব্যবস্থাপনা এবং যানজট দূর করে স্থবির ঢাকাকে বদলে না দিতে পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই পরিবহন মাফিয়াদের দৌরাত্ম্য আগে ভাঙতে হবে, তারপর গণপরিবহনের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হতে হবে।