শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর রাঙ্গাবালীতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় যুবককে মারধর, খুনের হুমকি

রাঙ্গাবালীতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় যুবককে মারধর, খুনের হুমকি

 (পটুয়াখালী) প্রতিনিধি,

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক যুবককে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই যুবকের অভিযোগ, রাঙ্গাবালী ইউপির জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল প্যাদা তাকে ডেকে নিয়ে মারধর করার পর খুন করার হুমকিও দিয়েছেন। এর একটি অডিও রেকর্ডের ক্লিপ রয়েছে তার কাছে। 

শুক্রবার রাত সাড়ে ৮ টায় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের জুগির হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ফার্মেসি ব্যবসায়ীর নাম হারিস মুন্সি (২৬)। তিনি ওই এলাকার রেন্ডিতলা বাজারে ওষুধের ফার্মেসির দোকানি । মারধর ও খুনের হুমকির ঘটনার পর রাত ১২ টায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

এরআগে শুক্রবার ‘মোহাম্মদ হারিস’ নামক ফেসবুক এ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘আজকাল গরিব অসহায় দরকার পড়ে না। নির্বাচনে সাপোর্ট করলেই চাল পাওয়া যায়। ফ্যাক্ট: জেলে নামের চাল অন্য কর্মজীবি পায়। ওয়ার্ড নং ৬।’ এই স্ট্যাটাসের পরই রাতে ঘটনাটি ঘটে। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হারিস মুন্সি বলেন, ‘চৌকিদার রুবেল এসে বলে সাইদুল মেম্বার তোমাকে সালাম জানাইছে, যাইতে বলছে। পরে আমি নেতা বাজারে গেছি। অনেকক্ষণ মেম্বারের অফিসে বসাইয়া রাখছে। আধাঘন্টা পর চৌকিদারসহ আমাকে ডেকে গাড়িতে উঠাইয়া মেম্বারের ঘেরের পাড়ে নিয়া গেছে। সেখানে নিয়ে আমার মোবাইল নিয়ে যায়। কিন্তু আমার মোবাইলে রেকর্ড চালু ছিল।’ 

হারিস আরও বলেন, ‘তাকে মেম্বার বলেÑআমি ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি কি করমু না করমু না হেগুলা কি তুই দেখবি? মাসুদ ১০ বছর মেম্বারি করছে, আমি হেরে টেক্কা দিয়া মেম্বার হইছি। তুই বোজোছ আমি কত্ত বড় খারাপ। তোরে আমি জবা দিয়া দিমু। আমারে কেউ কিছু করতে পারবে? এ কথা বলে চোপাড় (থাপ্পর) দিছে। আমি রোজা ছিলাম, মাটিতে পড়ে গেছি। এরপর বুকে পাড়া দিয়ে ধরছে। রুবেলেরে (চৌকিদার) বলছেÑএ রুবেল দাও (দা) নিয়ে আয়। রুবেল গিয়া দাও নিয়ে আসছে। এরপর অনেকক্ষণ ধরে মারছে। আর বলছেÑ তোরে দিয়া এগুলা করাইছে কে, সত্য কথা ক ?। মারধরের পর বলছেÑতুই এগুলা কাউরে বলবি না। কইলে খারাপ হবে।’ 

তবে এসব অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন রাঙ্গাবালী ইউপির ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল প্যাদা। তিনি উল্টো সাংবাদিকদের জানান, হারিসকে দিয়ে মাসুদ (ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য) ফেসবুকে দিছে। তিনি হারিসকে মারধর করেননি। শুধু ডেকে এনেছিল। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন