সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সিলেট ও রংপুর বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। গতকাল সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ ছাড়া সিলেটে ৩০, বান্দরবানে ২৭, ডিমলায় ১৬ ও শ্রীমঙ্গলে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আর কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি আরো জানান, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুঁজুন