শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন শাকিব খানের তাণ্ডবেই আগ্রহ বেশি দর্শকের

শাকিব খানের তাণ্ডবেই আগ্রহ বেশি দর্শকের

সিনেমাপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করতে প্রতি বছর চমৎকার গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। ঈদে চলচ্চিত্র মুক্তি দিতে তাদের দৌড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এর মধ্যে দেশব্যাপী একাই রাজত্ব করছে শাকিব খানের তাণ্ডব। ঈদে রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাণ্ডব। মুক্তিপ্রাপ্ত সব সিনেমা হলে তাণ্ডবেরই দর্শক বেশি লক্ষ করা যায়।

ট্রিজার, ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। ঈদের দিন সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দেখা গেল সে নিদর্শন। সিনেমাপ্রিয় দর্শকরা বলছেন তাণ্ডব সিনেমা দেখে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। কেউ কেউ বলছেন শাকিব খানের এর আগের সিনেমা তুফান কিংবা বরবাদকেও ছাড়িয়েছে তাণ্ডব

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে তাণ্ডব দেখে বের হওয়া এ দর্শক বলেন, সিনেমাটি এত ভালো লাগবে ভাবিনি। তাণ্ডবের পরতে পরতে চমক ছিল। বিশেষ করে শেষের ১০ মিনিট খুব ভালো লেগেছে।

রায়হান রাফীর নির্মাণের প্রশংসা করছেন অনেক দর্শক। তারা বলছেন, রাফীর নির্মাণ অসাধারণ। বাংলা সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা করেছেন রায়হান রাফী। একের পর এক ভালো সিনেমা উপহার দিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রায়হান রাফী। তাণ্ডব সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের কর্মকর্তারা বলছেন, এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার তুলনায় সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে তাণ্ডব সিনেমার। তাণ্ডবে শাকিব খানের বিপরীতে এবারই প্রথম বড় পর্দায় পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খান ও সাবিলা জুটিকে প্রথমবার পর্দায় দেখতে হলে এসেছেন অনেক দর্শক।

রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা যায়, অন্য সিনেমার তুলনায় শাকিব খানের তাণ্ডবেই আগ্রহ বেশি দর্শকদের। তবে কম বেশি অন্য সিনেমাগুলোও দেখছে দর্শক। তাণ্ডবের পর এবারের ঈদে দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ। সিনেমাটি দেখে দর্শকরা রাজ ও তাসনিয়া ফারিণের অভিনয়ের প্রশংসা করছেন। প্রশংসা করছেন তাদের অভিনীত আকাশেতে লক্ষ তারা গানের। এক দর্শক বলেন, শুধু আকাশেতে লক্ষ তারা এ গানের কারণেই সিনেমাটি দেখতে এসেছি।

তানিম নূরের উৎসব সিনেমাটি দেখতেও দর্শক পরিবার নিয়ে হলে আসছেন। স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এছাড়া এবারের ঈদে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে এশা মার্ডার: কর্মফল৷। সিনেমাটিও দেখছেন অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো হল লিস্ট প্রকাশ করা হয়নি টগর সিনেমার। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমার পাশাপাশি ঢাকার আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় দেখা যাচ্ছে নীলচক্র। দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন আরিফিন শুভ। শুভ ভক্তরাও প্রশংসা করছেন তার অভিনীত নীলচক্র সিনেমার।

খুঁজুন