রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও

 হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:

ঢাকার সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাহুল চন্দ বর্তমানে ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।  বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।

সাভারের স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দমনে পুলিশের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন করেন তৎকালীন ইউএনও রাহুল চন্দ। আন্দোলন দমনের সময় তাকে মাঠে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে পুলিশের সঙ্গে নেতৃত্ব দিতে দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। অভিযোগ রয়েছে, রাহুল চন্দের নির্দেশেই পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে গত ৬ জুন সাভার থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১নং), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (২নং), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৩নং), তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন (৪নং) এবং সাভারের ইউএনও রাহুল চন্দকে (৫নং) আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ঢাকামুখী লংমার্চে যোগ দিতে গিয়ে ৫ আগস্ট দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে গুরুতর আহত সিয়াম দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট মারা যান।
বাদী বুলবুল কবির বলেন, “আমি শোকে ভেঙে পড়েছিলাম, তাই মামলা করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মামলার অন্যতম আসামি তৎকালীন ইউএনও রাহুল চন্দ এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। আমি তার গ্রেফতার দাবি করছি।”

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি তদন্তাধীন। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রাজাপুরের বর্তমান ইউএনও রাহুল চন্দ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “বিষয়টি ব্যক্তিগত, এ বিষয়ে বলার কিছু নেই।” এরপর তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “এটা সরকারের বিষয়। আমি কোনো মন্তব্য করব না।”

খুঁজুন