শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ

শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ

শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শৈত্যপ্রবাহ শুারু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর রাতভর বৃষ্টির মতো ঝরা শিশিরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের তীব্রতা যেন আরও কয়েক গুণ বেশি।

যমুনা নদীর তীরবর্তী চরের মধ্যে বসবাসরত মানুষের অবস্থা আরো কাহিল । পাঁচ লক্ষাধিক মানুষ এই চরাঞ্চলে জীবনযাপন করেন, যাদের অধিকাংশই শীতপ্রবণ অঞ্চলে বসবাস করায় হিমেল বাতাসে ঘরবন্দি হয়ে পড়েছেন। কাজিপুর,বেলাকুচি,শাহজাদপুর, চৌহালি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে তীব্র শীত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলায় শতাধিক চর রয়েছে। এই সব চরের মানুষগুলোকে তীব্র শীতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে । নদী তীরবর্তী হওয়ায় এই এলাকায় শীতের তীব্রতাও বেশী এছাড়া চরবাসীদের প্রতিদিনই জরুরী প্রয়োজনে নৌকা যোগে বিভিন্ন এলাকায় যেতে হয় । এ সময় প্রচন্ড শীত উপেক্ষা করে নৌ পথে যাতায়ত করতে হয় এতে কষ্টের সীমা থাকে না ।

কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলাম জানান, এই উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের এসব চরে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ শীতে চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছেন মহাবিপাকে। তিনি আরও জানান, এখন পর্যন্ত সরকারি সহায়তার অংশ হিসেবে একটি শীতবস্ত্রও বিতরণ করা সম্ভব হয়নি। অন্যদিকে, শীতের তীব্রতায় দিনমজুর শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রচন্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না, ফলে পরিবার-পরিজন নিয়ে তারা পড়েছেন নিদারুণ কষ্টে।

এদিকে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়াসহ শীত জনিত রোগ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবু সাইদ বলেন, এবারে শীত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে হাসপাতালে প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিচালক ডাঃ আকিকুন নাহার বলেন, শীতের আগমনে শিশু সহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে । আমরা প্রতিটি রোগীর অভিভাবকে শীত জনিত রোগের হাত থেকে রক্ষা পাবার জন্য পরামর্শ দিয়ে আসছি।

খুঁজুন