শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সংসারটাই টিকল না: রথি

সংসারের কারণে সিনেমা ছাড়লাম, সংসারটাই টিকল না: রথি

‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হওয়ার পর ব্যান্ড তারকা জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির। ‘অবুঝ দুটি মন’ মুক্তির বছর দুয়েক আগে, ১৯৯১ সালের ১৭ নভেম্বর তাঁরা বিয়ে করেন। ইস্কাটনে কিছুদিন থাকার পর, বড় ছেলে দানিশের জন্মের পর, ১৯৯৫ সালে উত্তরায় বসবাস শুরু করেন।

‘অবুঝ দুটি মন’ সে সময়ের বেশ আলোচিত সিনেমা। যত দূর জানি, আপনাকে নিয়ে অনেক পরিচালক ছবি বানাতে চেয়েছিলেন। তারপরও করেননি? নিজেকে একদম আড়াল করে নিয়েছিলেন। কী সেই কারণ ছিল? এমন প্রশ্নের জবাবে রথি বলেন, ‘পুরোপুরি নায়িকা হিসেবে যাত্রা বিয়ের পর। জেমস সরাসরি জানিয়ে দেয়, কোনোভাবেই সিনেমায় অভিনয় করা যাবে না। আমিও ভাবলাম, সংসারে অশান্তি করে সিনেমায় অভিনয় করার কোনো অর্থ হয় না। সংসারটাই করি। জেমস চাইল, আমি যেন মাঝপথে শুটিং বন্ধ করে দিই। এ নিয়ে সংসারে খুব অশান্তি শুরু হলো। এসব নিয়ে প্রায় দিনই শুটিংয়ে যেতে হতো। কোনোভাবেই পারছিলাম না।’

‘অবুঝ দুটি মন’ ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনও হয়েছিল। সেখানেও ছিলেন না রথি। বললেন, ‘আমাকে যেতে দেওয়া হয়নি। কোনোমতে ছবির ডাবিং শেষ করে বাসায় ঢুকে গেছি। এরপর আমি আর কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। চলচ্চিত্রের কেউ আমার কোনো খোঁজ পায়নি। কিন্তু যেই আমি সংসারের কারণে সিনেমা ছাড়লাম, ২০০৩ সালে সংসারটাও ভেঙে যায়। জেমস বেনজীরকে বিয়ে করে। আমাকে এক কাপড়ে উত্তরার বাসা থেকে বাবার বাড়িতে চলে যেতে হয়।’

সংসার ভেঙে যাওয়ার পর দুই সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে লাগলেন। বাবার ভূমিকা কেমন ছিল? রথি দাবি করেন, ‘একদম ছিল না। হঠাৎ হঠাৎ মন চাইলে ফোন করত, এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই–হ্যালো হতো, এখন তো তাও নেই। ঈদের মতো উৎসবে যেমন খবর নিত না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না। অথচ আমি শুনেছি, ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়। এই করোনায় সন্তানদের একটিবার খোঁজ নেয়নি। মেয়েটা কিছুদিন আগে এসএসসি পাস করেছে, ফলাফল বাবাকে হোয়াটসঅ্যাপে জানায়, এসএমএস দেখেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। একটা উইশ পর্যন্ত করেনি,’ বললেন রথি।

রথি বললেন, ‘ওই মানুষটাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের ভুল সিদ্ধান্ত। ভুল মানুষকে পছন্দ করেছিলাম বলে আমার সন্তানদের এভাবে বাঁচতে হচ্ছে। একটা সুন্দর সংসারের আশায় সম্ভাবনাময় চলচ্চিত্রজগৎও ছেড়ে দিতে পিছপা হইনি। অথচ সেই মানুষটা আমাকে না জানিয়েই ২০০২ সালে আরেকটা বিয়ে করে। আমি এত বছর দুই সন্তান নিয়ে কষ্ট করেছি। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। একবারের জন্যও কোনো দিন ওকে ফোন করে বলিনি, ছেলেমেয়ের এটা-ওটা দরকার। আমার পরিবারই আমার পাশে ছিল, তারা যদি পাশে না থাকত, আমাকে রাস্তায় নামতে হতো।’

খুঁজুন