রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সরকারের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না : প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না : প্রধানমন্ত্রী

রোকসানা মনোয়ার :সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সরকারের স্থায়িত্ব দিয়েছে। ইচ্ছামতো সরকার ভাঙা-গড়া করতে পারছেন না বলেই অনেকেই ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের কথা বলছেন। 

সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরির সভাপতিত্বে অধিবেশনে সরকারের শরীক ওয়ার্কার্স পর্টি ও জাসদ এবং বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্য স্বাধীনভাবে মতামত দিতে পারছে না বলে মন্তব্য করেন। তারা সংবিধানের ওই অনুচ্ছেদ পরিবর্তনের দাবি জানান। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরও একই দাবি জানান। ওই বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সরকার স্থায়িত্ব পেয়েছে। এই বিধান না থাকায় পাকিস্তান আমলে যুক্তফ্রন্টের সরকারও ভেঙে যায়। এমনকি ১৯৪৬ সালে ভারতের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও স্থায়ি হয়নি।

তিনি বলেন, সরকারের স্থায়িত্ব আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে। এটা অনেকের সহ্য হচ্ছে না। তারা সরকার ভাঙা-গড়া করতে চায়। কিন্তু এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। 

শেখ হাসিনা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করছি এবং সে কারণেই ২০০৮ সাল থেকে দেশে গণতন্ত্র অব্যাহত রয়েছে, ফলে এখানে স্থিতিশীলতা বিরাজ করছে। মাঝে মাঝে বাধা আসে, কিন্তু সেগুলো অতিক্রম করে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি।এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে একটি স্মার্ট জাতি এবং ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

 

খুঁজুন