রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় শৃঙ্খলা ফেরাতে বাসে ই-টিকিটিং

শৃঙ্খলা ফেরাতে বাসে ই-টিকিটিং

মইনুল ইসলাম মিতুল : গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য দীর্ঘদিনের। সরকার ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানত না কোনো গণপরিবহন। আর এ বিষয়ে যাত্রীদের অভিযোগেরও অন্ত ছিল না। শুধু রাজধানী নয়, দেশজুড়েই একই অবস্থা। ছিল বাড়তি ভাড়া আদায়ের সীমাহীন নৈরাজ্য। যে যেভাবে পেরেছে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে আদায় করেছে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া। তবে এবার যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালু হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা। কয়েকটি রুটে মিরপুর সুপার লিংক, পরিস্থান, প্রজাপতি ও বসুমতিসহ বেশ কয়েকটি বাস পরীক্ষামূলকভাবে শুরু করেছে এ কার্যক্রম। এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে সাধারণ যাত্রীদের গুনতে হবে না অতিরিক্ত ভাড়া। তাই নতুন এ সিস্টেমকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

টিকিট বিক্রেতারা বলছেন, ই-টিকিটিং চালু হওয়ায় যাত্রী হয়রানি কমার পাশাপাশি ভাড়ারও সমন্বয় করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে পর্যায়ক্রমে সব রুট ও বাসেই ই-টিকিটিং চালুর দাবি জানান যাত্রীরা।

এর আগে রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে ই-টিকিটিং সহযোগী প্রতিষ্ঠান যাত্রী সার্ভিসেস লিমিটেডের এ-সংক্রান্ত চুক্তি সই হয়।

সূত্র জানিয়েছে, এটি চালু হওয়ায় যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকল না।

এ পাইলট প্রকল্পে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট সুবিধা চালু হলো। এর ফলে রাজধানীর সড়কে ফিরতে পারে শৃঙ্খলা।


খুঁজুন