শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা ভারতকে হারাতে বাঘিনীদের কঠিন পরিকল্পনা

ভারতকে হারাতে বাঘিনীদের কঠিন পরিকল্পনা

সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দল দুটি। তবে মঙ্গলবার দশরথ রঙ্গশালায় গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে পরস্পরের মোকাবেলা করবে প্রতিবেশী দুই দেশের মেয়েরা।

ইতোমধ্যে অবশ্য গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই আজ ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে ভারত। অপরদিকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সে কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই ভারতকে হারাতে হবে সাবিনা খাতুনদের। কৌশলগত কারনেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ উভয় দলের জন্য। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই সেমিফাইনালে স্বাগতিক নেপালকে এড়ানো সহজ হবে দল দুটির। ফলে কিছুটা সহজেই ফাইনালে উঠার সুযোগ পাওয়া যাবে।

অবশ্য বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনের মতে, এটি দলের জন্য কোন চাপ নয়। কারণ ইতোমধ্যে প্রাথমিক লক্ষ্য পুরণ হয়ে গেছে। দল সেমিফাইনালে চলে গেছে। নিজেদের যে উন্নতি ঘটেছে মেয়েরা তার পরীক্ষা দিবে ভারতের বিপক্ষে।

ভারতের বিপক্ষে এর আগে কোনো জয় নেই। সাফল্য বলতে শুধু একটি ড্র, এমন পরিসংখ্যান প্রসঙ্গে ছোটন বলেন,‘ পরিসংখ্যান নয়, এবার আমাদের মেয়েরা শুরুই করেছে ভালো ম্যাচ দিয়ে। তাই আমরা ভালো কিছু আশা করছি। আসলে অতীত ভুলে ভালো কিছু করার জন্য এবার মেয়েরা এসেছে। আশা করি কাল মেয়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবে।

২০১৬ সালে গোলশূণ্য ড্র করে ত্রিরঙ্গাদের রুখে দেয়া ম্যাচটিই সর্বোচ্চ সাফল্য লাল সবুজের মেয়েদের। সাফের এই আসরেও শিরোপার প্রধান দাবীদার ভারতই। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-০ গোলে হারালেও মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে তারা। যেখানে দ্বীপদেশটির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছেন সাবিনা খাতুনরা।

গতকালকের অনুশীলনে দুটি দলে বিভক্ত হয়ে প্রস্তুতি সেরেছেন মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। সেখানে দেখা যায়, পাকিস্তানের বিপক্ষে উইনিং কম্বিনেশনেই আস্থা রাখছেন বাংলাদেশ কোচ। সেই হিসেবে কাল ভারতের বিপক্ষে একাদশে থাকতে পারেন সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন নাহার সিনিয়র, আখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মরিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না ও রুপনা চাকমা।

খুঁজুন